অনলাইন গেম নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে চীন
অনলাইন গেম পরীক্ষা করার ক্ষেত্রে আরও শক্ত অবস্থান গ্রহণ করতে যাচ্ছে চীন সরকার। ইতোমধ্যেই ইতিহাস বিকৃতি করে এমন অনলাইন গেমের ব্যাপারে ‘শূন্য সহনশীলতা’ অবস্থানে যেতে উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। এই খবর দিয়েছে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক ‘চায়না ন্যাশনাল রেডিও’।
এর পাশাপাশি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে অনলাইন গেমকে “আধ্যাত্মিক আফিম” হিসেবে অ্যাখ্যা দেয়া হচ্ছে। এর মাধ্যমে ইতিহাস বিকৃতি ও শিশুরা নেশাগ্রস্থ হয়ে পড়ছে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে চীন সরকারকে সাম্প্রতিক সময়ে অনলাইন সেবাদাতাদের ব্যাপারে কঠোর অবস্থান নিতে দেখা গেছে। অনেকেই আশঙ্কা করছেন, এরপর ভিডিও গেম শিল্পের উপর চড়াও হবে দেশটির সরকার। তাদেরকেও দেশীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সম্মুখীন হতে হবে। এছাড়াও প্রত্যাহার করা হতে পারে এই শিল্পকে দেয়া সরকারি রেয়াত সুবিধা।
এমন পরিস্থিতিতে গতসপ্তাহে টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ও অন্যান্য ভিডিও গেম প্রতিষ্ঠানের শেয়ার দর কমতে শুরু করেছে বলে খবর দিয়েছে রয়টার্স।
পরিস্থিতি সামাল দিতে নিজেদের সবচেয়ে জনপ্রিয় গেইম ‘অনার অফ কিংস’ খেলার ক্ষেত্রে নতুন নিয়মে শিশুদের খেলার সময় সীমিত করে দেয়ার ঘোষণা দিয়েছে টেনসেন্ট।